Published : 30 Jun 2026, 06:41 PM
মেহেরপুরের গাংনী উপজেলায় বাবাকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম জানান।
দণ্ডপ্রাপ্ত মো. সিফাত ফকির উপজেলার কল্যাণপুর কালিতলা পাড়ার মনির উদ্দীনের ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৯ সালের ২৩ এপ্রিল রাতে মনির উদ্দীন রাতের খাবার শেষে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে তার চিৎকার শুনে স্ত্রী রোকেয়া বেগম ও পরিবারের অন্য সদস্যরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতদের আসামি করে গাংনী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এস এম বুলবুল আহাম্মেদ তদন্তকালে নিহতের ছেলে সিফাত ফকিরের সম্পৃক্ততার প্রমাণ পান। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
২০১৯ সালের ৩০ জুন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১৭ জন সাক্ষ্য দেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন এ কে এম শফিকুল আলম।