২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দহগ্রাম সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

২০২২ সালে তারা কুমিল্লার আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানায় বিজিবি।

দহগ্রাম সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরত আসা পাঁচজন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 03:31 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী।

ফেরত আসাদের মধ্যে ফেরদৌস ফরহাদ রশনি (২৬), হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) এবং রিয়া মনি (২৭) হিজড়া জনগোষ্ঠী। তারা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আহমাদ আলী (৫২) এবং তার স্ত্রী আমিনা বিবি (৪২)।

এর আগে শুক্রবার বিকালে বিজিবি ও বিএসএফের মধ্যে তিন বিঘা করিডরের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ বিএসএফ ব্যাটালিয়নের ওমর ক্যাম্পের ইনস্পেক্টর সঞ্জীব কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের দল অংশ নেয়। আর বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার আইয়ুব আলীসহ ছয় সদস্যের প্রতিনিধি দল।

বিজিবি জানায়, শুক্রবার বিকালে আঙ্গরপোতা বিওপি সীমান্তের বিপরীতে ভারতের সিস্টিয়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ওই পাঁচজনকে আটক করে বিএসএফ।

ফেরত আসাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০২২ সালে তারা কুমিল্লার আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানায় বিজিবি।

পতাকা বৈঠকে আলোচনার পর বিএসএফ ওই পাঁচজনকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বলে জানান পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী।