২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ভুট্টা বোঝাই কাভার্ড ভ্যান উদ্ধার, ৯ জন গ্রেপ্তার

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 12:54 AM

Updated : 26 Aug 2026, 10:09 AM

সিরাজগঞ্জে ৩৬৫টি বস্তায় থাকা সাড়ে ২১ টন চুরির ভুট্টা বোঝাই কাভার্ড ভ্যানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সলঙ্গা থানায় সংবাদ সম্মেলন করে সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার এ কথা জানান।

গ্রেপ্তাররা হলেন, কাভার্ড ভ্যানচালক ঝিনাইদহের মহেষপুর উপজেলার মেইন আলমপুর গ্রামের শরিফুল ইসলাম (৩০), চালকের সহকারী বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামের হাসান আলী (৪২), অপর একটি ট্রাকের চালক ঝিনাইদহের জয়পুর উপজেলার পরিয়ানপুর গ্রামের রতন হোসেন (২০), চালকের সহকারী কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের সাগর হোসেন (২০), বগুড়ার শেরপুর উপজেলার সদর হাসরা গ্রামের দুলাল মন্ডল (৫৪), একই এলাকার নাজমুল হুদা (২৪), একই উপজেলার উত্তর শাহপাড়ার মাহফুজুর রহমান মনির (৩৮), বগুড়ার ধুনট উপজেলার রঘুয়াবাড়ির মো. হাসান (২৬) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাইল গ্রামের মো. মতিন (৩৫)। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেসার্স ডটারস্ রাইস মিলের মালিক মাহমুদ হাসান রাজু গত ৩০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগাঁও থেকে পাট ও প্লাস্টিকের ৩৬৫ বস্তায় ২১.৫ টন ভুট্টা কাভার্ডভ্যানে বোঝাই দেন। যা ওই কাভার্ডভ্যানের চালক শরিফুল ইসলামের মাধ্যমে গাজীপুরের বাঘের বাজারের কোয়ালিটি ফিড মিল লিমিটেডে পৌঁছানোর কথা। ৩১ জুলাই সকাল ৮টার পরও কাভার্ডভ্যানসহ মালামাল না পৌঁছলে কোয়ালিটি ফিড মিল লিমিটেডের মালিক ভুট্টার বিক্রেতা মাহমুদ হাসান রাজুকে বিষয়টি মোবাইলে জানান। তখন রাজু চালক শরিফুলকে মোবাইলে কল দিলে সেটি বন্ধ পান। এরপর সকাল ১০টার দিকে কাভার্ডভ্যানের মালিক জিপিএস ট্যাকারের মাধ্যমে জানতে পারেন, কাভার্ডভ্যানটি সিরাজগঞ্জের সলংগা থানাধীন নাইমুড়ী এলাকার নওরিন এলপিজি গ্যাস পাম্পে আছে। তখন তিনি বিষয়টি সলংগা থানা পুলিশকে জানান এবং থানায় মামলা করেন। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মামলার পর পুলিশের একটি টিম অভিযানে নেমে ২৪ ঘণ্টার ব্যবধানে সিরাজগঞ্জের সলংগা ও রায়গঞ্জ এবং বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে কাভার্ডভ্যানের চালক, সহকারীসহ নয়জনকে আটক করেন। এরপর তাদের দেওয়া তথ্যমতে বগুড়ার শেরপুর থেকে কাভার্ডভ্যান বোঝাই ভুট্টা উদ্ধার করা হয়। 

শুক্রবার বিকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।