মেহেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
২০২৩ সালের ২২ অক্টোবর চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার চার বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় এক বৃদ্ধাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী রোকেয়া।
দণ্ড পাওয়া তসলেম উদ্দীন (৬০) মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী রোকেয়া জানান, ২০২৩ সালের ২২ অক্টোবর উপজেলার একটি গ্রামের ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে পাশের ঘাসের জমির নিয়ে ধর্ষণ করেন।
রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায় বলে জানান তিনি।
তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা মুজিবনগর থানায় ধর্ষণ মামলা করেন। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে তসলেম উদ্দিনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করে পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী রোকেয়া।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এ কে এম আসাদুজ্জামান।
