গাইবান্ধায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
“রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।”
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
উপজেলার ধাপেরহাটের পালানপাড়ার উত্তরা ব্যাংক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে রোববার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শুকুর আলী জানান।
নিহত তপন চন্দ্র সাহার (৬০) বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় সাহাপাড়া গ্রামে। তার বাবার নাম হরিপদ সাহা। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক শুকুর আলী বলেন, “তপন সাহা ধাপেরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ঢাকাগামী আয়ান অ্যান্ড সোমা এন্টারপ্রাইজের একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।
“এতে তপন বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান।”
পরিদর্শক শুকুর আলী বলেন, বাসটিকে আটক করা গেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
