মাদারীপুরে তালাবদ্ধ ঘরে পড়েছিল বৃদ্ধার গলা কাটা লাশ
প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে ভিতরে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেনুকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
মাদারীপুরের শিবচর উপজেলার একটি বাড়িতে ঘরের তালা ভেঙ্গে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিক উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শিবচর থানার ওসি রকিবুল ইসলাম।
নিহত রেনু বেগম (৬০) ওই গ্রামের প্রয়াত সাদেক হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, সকালে রেনু বেগমকে মোবাইলে না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের ফোন করেন। পরে প্রতিবেশীরা রেনু বেগমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে জানালা দিয়ে ভিতরে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশের একটি দল বেলা ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে রেনুকে গলা কাটা অবস্থায় পায়। এ ছাড়া ঘরের মালামাল ছড়ানো ছিল।
ওসি রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের সন্ধানে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
