নীলফামারীতে লরি থামিয়ে তেল চুরির দায়ে ৩ জনের কারাদণ্ড, জরিমানা
রোববার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারীতে রাস্তায় জ্বালানি তেলবাহী লরি থামিয়ে পেট্রোল চুরি করার সময়ে চালক-হেলপারসহ তিনজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর এলাকার একরামুল ইসলাম (৩০), একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫) ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলিপাড়া এলাকার মো রিফাত ইসলাম (১৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া বলেন, শনিবার রাতে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে তেলবাহী লরি থামিয়ে পাচারের উদ্দেশ্যে তেল ড্রামে ভরছিলেন লরিটির চালক ও হেলপার। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনের ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় সদর থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
রোববার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
