Published : 18 Jul 2026, 04:56 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ জনের মৃত্যু হল।
শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত সাত মাস বয়সি কামরুল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা আলী হুসেনের ছেলে।
মৃত দশ মাস বয়সি কৃষ্ণা মৌলভীবাজারের কুলাউরা উপজেলার বাসিন্দা রাজনের মেয়ে।
এই দুই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
অপর শিশু চার মাস বয়সি নিহাদ আহমেদ সিলেটের জকিগঞ্জ উপজেলার মুকিত আহমেদের ছেলে। সে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন।
এ ছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৩৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।