শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে: কাদের সিদ্দিকী
“আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার গ্রামীণ ব্যাংক অর্ধেক মাটির নিচে চলে যেত।”
‘শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে’ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, “যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, শেষ হাসিনার পতন ঘটিয়েছেন, আমি তাদের সমর্থন করি।”
শনিবার বিকালে ঘাটাইল উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মাকড়াই দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘শেখ মুজিব আর শেখ হাসিনা এক নন’ মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ‘জয় বাংলা’ থাকবে।
“বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন, তাদেরও বাড়িঘর রয়েছে। তাদেরও কবর রয়েছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না। বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন, তাহলে জাতির পিতা কে?”
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সমস্ত সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার গ্রামীণ ব্যাংক অর্ধেক মাটির নিচে চলে যেত।
“আপনার এক বছরের শাসনটি হৃদয় থেকে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বা নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে।”
মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী এক লাখ টাকা করতে হবে। আমরা ভিক্ষা চাই না, সম্মানী চাই।”
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা ছিলেন।
