ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীসহ দুই জনের যাবজ্জীবন
যাবজ্জীবনের পাশাপাশি দোষীদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন বলে জানান আদালতের পিপি নওয়াব আলী মৃধা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের উজান মল্লিকপুর বাসিন্দা মোস্তফা কামাল ও তার বন্ধু মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামের মজিদ মোল্লা।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় মজিদ মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। তবে নিহতের স্বামী মোস্তফা কামাল পলাতক।
মামলার নথি থেকে জানা গেছে, প্রেমের সূত্রে মীরা আক্তারকে (৩০) গোপনে বিয়ে করেন মোস্তফা কামাল। কিন্তু বিয়ের পরও মোস্তফা স্ত্রী মীরাকে বাড়ি নেননি। ২০১২ সালের ২৮ ডিসেম্বর স্বামীর বাড়ি যাওয়ার জন্য ফরিদপুর সদরের উজান মল্লিকপুর আসেন মীরা। খবর পেয়ে পথে মোস্তফা তাকে আটকান। পরে বন্ধু মজিদ মোল্লার সহায়তায় মাঝকান্দি পারিশা ফিলিং স্টেশনের পেছনে একটি পাটক্ষেতে নিয়ে গলা টিপে হত্যা করে লাশ ফেলে যান।
পরে অজ্ঞাত হিসেবে মধুখালী থানার পুলিশ ২০১৩ সালের ১ জানুয়ারি ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় ওই থানার এসআই রাকিবুল হক বাদী হয়ে সেদিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই মাহিদুল হক ২০১৮ সালের ৩১ মে মোস্তফা কামাল ও তার বন্ধু মজিদ মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালতের পিপি নওয়াব আলী মৃধা বলেন, রায়ে আদালত পলাতক আসামি নিহত মোস্তফা কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে। গ্রেপ্তারের দিন থেকে তার দণ্ড শুরু হবে।
