নেত্রকোণার ধনু নদে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
শুক্রবার বিয়ে উপলক্ষে ভাড়ায় আনা স্পিডবোটটি ডুবে গেলে ১১ জন সাতরে তীরে উঠতে পারলেও তিন শিশুসহ চার জন নিখোঁজ হয়।
নেত্রকোণার হাওরাঞ্চলের খালিয়াজুরি উপজেলার ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ থাকা তিনজনের মরদেহ পাওয়া গেছে। এতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হলো।
এর মধ্যে রোববার সকাল পৌনে ১০টার দিকে ধনু নদের চরপাড়া এলাকায় দুজনের মরদেহ এবং বেলা আড়াইটার দিকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান।
তারা হলেন, স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) এবং সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
শনিবার উদ্ধার করা হয়েছিল ঊষামণির (৫) লাশ। তারা সবাই উপজেলার আন্ধাইর গ্রামের বাসিন্দা।
এর আগে শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় স্পিডবোট ডুবির এ ঘটনা ঘটে।
সেদিন আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে যাওয়ার কথা ছিল। বরযাত্রীর জন্য একটি স্পিড বোট ভাড়া করা হয়।
ভাড়ায় আনা স্পিডবোটটি নিয়ে বাড়ির সামনে হাওরে ঘুরতে বের হয় নারী-শিশুসহ ১৫ জন।
স্পিডবোটটি ধনু নদীতে গেলে সেখানে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে একটি জেলেদের নৌকার ওপর গিয়ে পড়ে।
তখন স্পিডবোটটি পানিতে তলিয়ে গেলে ১১ জন সাতরে তীরে উঠতে পারলেও তিন শিশুসহ চার জন নিখোঁজ হয়।
রওয়ানা দেওয়ার আগে বাড়ির সামনে হাওরে স্পিড বোটে চড়ে ঘুরতে বের হয় নারী-শিশুসহ ১৫ জন। এ সময় হাওরের ধনু নদী দিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি বাল্ক হেডের সঙ্গে স্পিড বোটটি ধাক্কা লেগে উল্টে যায়। ১১ জন সাঁতরে তীরে উঠেন। তবে তিন শিশু ও এক তরুণী নিখোঁজ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর রোববার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সামিয়ার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লায়লা আক্তার ও শিরিন আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূর থেকে ঊষামণির লাশ উদ্ধার করেছিলেন স্থানীয়রা।
কাদের জানান, ঘটনার পরপর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার তৎপরতায় নামেন। সর্বশেষ নিখোঁজ শিশু সামিয়ার লাশ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে।
পরে লাশ মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেও বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন
