ফেনীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: থানায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৩
“তিনজনের নাম মামলার এজাহারে থাকায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ফেনীতে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. রুহুল আমিন জানান, সোমবার উভয় পক্ষ থেকে থানায় দুটি পৃথক মামলা করেছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় আটক তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমনের বড় ভাই এরশাদ উল্যাহ বাদী হয়ে সোমবার দুপুরে একটি মামলা করেন। মামলায় সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে সকালে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ শরিফুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলাটি করেন। মামলায় ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমনসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে রোববার সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন শিমুল, ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরীফ, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভ, ছাত্রদল নেতা মেহেদী, নূর আলম, জাহিদ, সদর উপজেলা তাঁতী দল নেতা মোতালেব ও অনলাইন পোর্টাল ফেনী সমাচারের প্রতিনিধি এম কাউছারসহ অন্তত ১২ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘটনায় ঘটনায় চারটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আর আহতদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, “সংঘর্ষের পর অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশে কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে আশিকুল, বাহার ও জাফর নামে তিনজনকে পুলিশ আটক করে। ওই তিনজনের নাম মামলার এজাহারে থাকায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় দায়ের করা মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
