ফেনীতে সাবেক ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম
আহত জসীম উদ্দিন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিনকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে একদল লোক।
শনিবার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি বোর্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান।
জসীম উদ্দিন উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মোহাম্মদ ইলিয়াছের ছেলে। তিনি একজন ঠিকাদার।
জসীম উদ্দিনের স্বজন শহীদ উল্যাহ বলেন, রাতে স্থানীয় কাশ্মীর বাজার থেকে বাড়িতে যান জসীম। এর ঘণ্টাখানেক পরে কয়েকজন যুবক ফোন করে কথা আছে বলে বাড়ি থেকে তাকে ডেকে পাশের বোর্ড স্কুলের সামনে নিয়ে যায়।
সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা জসীমকে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
জসীমকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শহীদ উল্যাহ বলেন, জসিমের শরীরের ১২টি স্থানে রক্তাক্ত জখম হয়েছে। তার তেমন কোনো শত্রু ছিলো না। তবে আগের কোনো বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা হতে পারে কিনা সেটিও নিশ্চিত করে জানাতে পারেনি তিনি।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
