২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে রকিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 07:55 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

রংপুর সদর উপজেলায় মরিচ ক্ষেত থেকে নিখোঁজ এক ব্যটারিচালিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুর ১টায় উপজেলার সদ্যপুস্কুরণী ইউনিয়নের পালিচড়া জমিদারের দোলা এলাকায় লাশটি পাওয়া যায় বলে কোতোয়ালি থানার ওসি বজলুর রশিদ জানান। 

নিহত মাহাম্মদ আলী মিয়া ওরফে রকি (২৭) মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা। 

ওসি বজলুর রশিদ বলেন, সকালে মরিচ তুলতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “রকি পরনে জিন্স প্যান্ট এবং ডোরাকাটা টি-শার্ট ছিল। মাথা ও মুখে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে। মুখ, হাত-পা এবং গোপন অঙ্গ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। আমাদের ধারণা দুই-তিন দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়।” 

বজলুর রশিদ বলেন, “রকি পেশায় ইজিবাইক চালক ছিলেন বলে জানা গেছে। তিনদিন আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনার দুই দিন আগে তার সন্ধান চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

রকির খালাতো ভাই মুক্তার আলী বলেন, “তিনদিন আগে আমার মামা ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর দুই দিন আগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।”