২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে কলেজ ছাত্রের ঘর থেকে উদ্ধার অস্ত্রটি আসলে কী?

ইন্টারনেট সার্চে এক ধরনের এয়ার রাইফেলের সঙ্গে এর মিল পাওয়া যায়।

নড়াইলে কলেজ ছাত্রের ঘর থেকে উদ্ধার অস্ত্রটি আসলে কী?
নড়াইলে কালিয়া উপজেলায় এক কলেজ ছাত্রের ঘর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

নড়াইলের কালিয়া উপজেলায় এক কলেজ ছাত্রের ঘর থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। 

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সোমবার সাংবাদিকদের বলেন, “রোববার ভোররাতে উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সোহান মোল্যা নামের এক কলেজ ছাত্রের ঘর থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে।” 

সোহান (২৬) পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে তার পরিবার। 

পুলিশ জানায়, সেনাবাহিনী রাইফেলটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

অস্ত্রের যে ছবিটি পুলিশের কাছ থেকে পাওয়া গেছে, তা ইন্টারনেট সার্চে PX120 X3 Minotaur PCP Air Rifle এর সঙ্গে মিল পাওয়া যায়। এ ধরনের এয়ার রাইফেল সাধারণত বিনোদনমূলক কাজে ব্যবহার হয়। পাশের দেশ ভারতেও এ ধরনের অস্ত্র তৈরি ও বেচাকেনা হয়।  

সেনাবাহিনীর বরাতে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অস্ত্রটি দিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিলেন সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চলে।” 

অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। এ সময় সোহান মোল্যার ঘরের বিছানার নিচে থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। 

পুলিশ কর্মকর্তা মামুন বলেন, অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা। তবে তাদেরকে ধরতে চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

স্থানীয় সংবাদকর্মী আল আমিন জানান, সোহান মোল্যার বাড়ি ঘিরে উৎসুক মানুষের ভিড় বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাড়িটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।