২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘কর্ণফুলী কমিউটারের’ বগি লাইনচ্যুত

এ ঘটনার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘কর্ণফুলী কমিউটারের’ বগি লাইনচ্যুত
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের জেলা পরিষদ মার্কেটের সামনে লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি শনিবার বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের জেলা পরিষদ মার্কেটের সামনে লাইনচ্যুত হয় বলে জানান স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।

ট্রেনের যাত্রী ইকবাল হোসেন বলেন, “আমি কুমিল্লা যাওয়ার উদ্দেশে আশুগঞ্জ থেকে ট্রেনে উঠেছি। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হওয়ার একটু পরেই ট্রেন থেমে যায়। পরে শুনি ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে।

“দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পেছনে কোনো ট্রেন আসলে যাব, নয়তো সড়ক পথে যেতে হবে।”

সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, “ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে, তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”

কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেটি তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।