২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বসতঘরে আগুনে পুড়ে দুই নারীর মৃত্যু

ভোরে ঘুম থেকে উঠে আসার আগেই আগুনে সব ছাঁই হয়ে যায়, বলেন এক প্রতিবেশি।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 07:12 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

মৌলভীবাজার সদর উপজেলায় অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু হয়েছে। 

রোববার ভোরে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। 

নিহতরা হলেন- মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা রুমেল আহমদের মা ফুলছা বিবি (৬৪) ও মো. বাবুল ইসলামের স্ত্রী মেহেরুন নেছা (৬৫)। 

নিহত মেহেরুন নেছার দেবর, সাবেক ইউপি সদস্য প্রতিবেশি সিরাজুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রুমেল আহমদ ও তার ভাই মামলার আসামি হয়ে বাড়ি ছাড়া। এ অবস্থায় তাদের মা ও তার ভাবি মেহেরুন নেছা ছাড়া কেউ বাড়িতে ছিলেন না।

আরেক প্রতিবেশি আব্দুল হেকিম ভোল্লা বলেন, ভোরে তারা ঘুম উঠে আসার আগেই আগুনে পুড়ে সব ছাঁই হয়ে যায়। ঘরের ভেতরেই মারা যান ফুলছা বিবি ও তাকে দেখাশোনা করা মেহেরুন নেছা। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় বলেন, খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

সঠিক কারণ বলতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।