সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৫ জনকে হস্তান্তর করল বিএসএফ
ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে কলকাতা শহরে কাজ করতেন।
সাতক্ষীরা সদর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
ফেরত আসারা ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর ক্যাম্পে বিএসএফের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন বলে ভাষ্য বিজিবির।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্য রেখার কাছে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয় বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক।
আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মো. সেকেন্দার হোসেন (৩৩), নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মো. আব্দুল্লাহ গাজী (৩৮), যোগেন্দ্রনগর গ্রামের মো. সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী মোছা. নাজমা বিবি (৩৩), তার ছয় বছর ও ১৩ বছরের দুই মেয়ে, ১৬ বছরের এক ছেলে, নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মোছা. মাফুজা খাতুন (৩৪), তার ১২ বছরের মেয়ে ও দুই বছরের ছেলে, খুলনার বাটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা এলাকার প্রয়াত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), তার ১০ বছরের মেয়ে এবং পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ও সাত বছরের এক মেয়ে।
বিজিবির বরাতে ওসি শামিনুল বলেন, মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। আটকের দুই দিন পর পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ।
রাত ৮টার দিকে তলুইগাছা সীমান্তের শূন্য রেখার কাছে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির কমান্ডার আবুল কাশেম এবং ভারতের পক্ষে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলিস উপস্থিত ছিলেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পরে রাত সোয়া ১০টার দিকে বিজিবি আটকদের সদর থানা পুলিশের কাছে সোপার্দ করে বলে জানান ওসি শামিনুল।
তিনি বলেন, এ ঘটনায় তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত ১১টার দিকে আব্দুল্লাহ গাজীকে রেখে অন্যদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
পুলিশ হেফাজতে থাকা আব্দুল্লাহ গাজী বলেন, প্রায় ১৬ মাস আগে বৈকারী সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। পরে কলকাতার নিউটাউন-রাজারহাট এলাকার মোল্লাপাড়ায় থেকে দিনমজুরের কাজ করতেন। বাকিরাও নিউটাউন-রাজারহাট এলাকার বিভিন্ন জায়গায় থাকতেন।
সম্প্রতি ভারতীয় পুলিশ ব্যাপক ধড়পাকড় শুরু করায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা স্বেচ্ছায় বিএসএফ হাকিমপুর ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন। সেখানে দুই দিন আটকে রাখার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে তুলে দেওয়া হয়।
