শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯২%
শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৬৯৬ জন আবেদন করেছিলেন, বলেন বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতি হার ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের জন্য এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে পরীক্ষার সমন্বয়ক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন লায়লা আশরাফুন জানান।
তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৬৯৬ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে এক হাজার ৫৫৭ জন শিক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিল ১৩৯ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মোখলেসুর রহমান বলেন, “সুষ্ঠু ও সুশৃঙ্খলা পরিবেশে আমাদের বিশ্ববিদ্যালয়ে চারটি শিক্ষাভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
