কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপারের বিরুদ্ধে মামলা
এরই মধ্যে শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।
ছেলেশিশু ধর্ষণের অভিযোগে কুষ্টিয়ায় মাদরাসা সুপারের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।
মাদরাসার আবাসিক শিক্ষার্থীর (১২) পরিবার ২৬ নভেম্বর মামলাটি করলেও ঘটনাটি সম্প্রতি জানাজানি হয়। ঘটনার পর থেকেই মাদরাসার সুপার হাফেজ মাহবুব হাসান পলাতক রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমান বলেন, “আসামি মাহবুব হাসানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। শিশুটি আদালতের জবানবন্দিতে বলেছে, সুপার আরো শিশুকে ধর্ষণ করেছে।”
মামলার এজাহারে বলা হয়েছে, ২১ নভেম্বর রাতে শিশুটির উপর নির্যাতন করা হয়। পরে ঘটনা কাউকে না বলতে শিশুটিকে ভয় দেখানো হয়। নির্যাতনে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ২৫ নভেম্বর মাদরাসা থেকে পালিয়ে সে বাড়ি চলে আসে এবং পরিবারকে ঘটনাটি বলে। পরে পরিবার তাকে হাসপাতালে ভর্তি করায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার বলেন, “২৬ নভেম্বর ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।”
স্থানীয়রা জানান, মাদরাসাটি কয়েকদিন ধরে তালাবদ্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন সুপারের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই কুষ্টিয়ার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন। তার বাড়ি চুয়াডাঙ্গায়।
