ময়মনসিংহে বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, হাসপাতালে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছে।
সোমবার দুপুরে পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের চৌকা মোড়ে এ ঘটনা ঘটে বলে পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান।
নিহতরা হলেন- উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও বামনখালী বটতলা বাজারের ইকবাল স্টোরের স্বত্ত্বাধিকারী মো. ইকবাল হোসাইন (৫০) এবং দিঘীরপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, কয়েকজন যাত্রীসহ অটোরিকশাটি বটতলা বাজার থেকে হোসেনপুর বাজারে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাছবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইকবাল ঘটনাস্থলেই মারা যান। আর অটোরিকশার চালক ওয়াসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ওয়াসিম নামে একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং নাজমুল ও আবুসাইদ নামে আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি ফেরদৌস আলম বলেন, “দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
