১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জব্দ ড্রেজার ছাড়াতে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি করে হুমকি দিয়ে ড্রেজারটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 10:24 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদী থেকে জব্দ করা ড্রেজার ছাড়াতে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে বিজিবির করা মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয় বলে জানান পাটগ্রাম থানার ওসি সাইফুল রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং বিএনপি কর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর তোলার খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি ড্রেজার জব্দ করে সেটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ড্রেজার জব্দের খবর পেয়ে রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ক্যাম্পে ঢোকেন বলে অভিযোগ। সেখানে তারা বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়ান এবং হুমকি দিয়ে ড্রেজারটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছয়জনকে আটক করেন।

ওসি সাইফুল রহমান বলেন, “বিজিবি ক্যাম্পে ঢুকে সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”