২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলার সময় অসুস্থ রাবি শিক্ষার্থী, পরে হাসপাতালে মৃত্যু

“ক্রিকেট খেলার সময় সিয়াম ভাই হঠাৎ বসে পড়েন এবং পানি খেতে চান। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 07:12 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

মাঠে ক্রিকেট খেলার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর হাসপাতালে মারা গেছেন।

মৃত মেহেদী হাসান সিয়াম আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার বাবার নাম আব্দুস সাত্তার।

রোববার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ‘সাবাশ বাংলাদেশ’ মাঠে এ ঘটনা ঘটে। সিয়ামের মৃত্যুর বিষয়টি আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন নিশ্চিত করেছেন।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আলামিন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবাস বাংলাদেশ মাঠে ক্রিকেট খেলার সময় সিয়াম ভাই হঠাৎ বসে পড়েন এবং পানি খেতে চান। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলে বন্ধুরা তাকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।

“সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিকাল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস বলেন, “হাসপাতালে নিয়ে আসার পথে সিয়ামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷”

তিনি বলেন, “সিয়ামের লাশ নেওয়ার জন্য তার কোনো অভিভাবক আসেনি। আমরা তার বিভাগের কর্তৃপক্ষের যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।”