Published : 11 Jul 2026, 07:01 PM
টাঙ্গাইল সদর উপজেলার এক মুদি দোকানি হত্যা মামলায় মা ও ছেলেসহ গ্রেপ্তার পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ছাড়া হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার কুইজবাড়ী পশ্চিম পাড়ার প্রয়াত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), ছেলে মো. হুমায়ুন (২২), একই এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬) ও মো. বাবু (২৮) এবং কুইজবাড়ী দক্ষিণপাড়ার প্রয়াত রুস্তম আলীর ছেলে মো. আয়নাল হক (৫৫)।
ওসি বলেন, রোববার ব্যবসায়ী মাসুদ রানার লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে প্রথমে হনুফাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।
এর আগে ৪ জুলাই রাত ১০টার দিকে মুদির দোকান বন্ধ করে বাড়িতে যান মাসুদ। পরে দোকানে কাজের কথা বলে রাতে আবার বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা কুইজবাড়ী এলাকার সড়কের পাশে মাসুদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।