২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেই নিষ্কাশনের ব্যবস্থা, ১৫ দিন ধরে পানিবন্দি সাত পরিবার

যশোরের শার্শায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান বাসিন্দারা।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 09:39 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার একটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন ওই গ্রামের সাতটি পরিবার। 

জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিসহ প্রশাসনের কেউ কোনো ব্যবস্থা না নেওয়া ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার কায়বা ইউনিয়নের দিঘা চালিতাবাড়িয়া গ্রামের বাসিন্দারা।

এদিকে শনিবার ওই গ্রামটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কায়বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাব হোসেন।

স্থানীয়রা জানান, কয়েক বছরে এ এলাকায় নতুন নতুন বাড়ি নির্মাণ হয়েছে। কিন্তু কোনো ড্রেনেজের ব্যবস্থা গড়ে ওঠেনি। সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সময়মতো বৃষ্টির পানি বের না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। 

কয়েকদিন আগে টানা বর্ষণে বাড়ির আশপাশ ও রাস্তায় পানি জমেছে। ১৫ দিন ধরে জমে থাকা এ পানির কারণে এলাকার নারী-পুরুষ ও শিশুরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। হাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।

ওই এলাকার বাসিন্দা হুমায়ন কবির মিরাজ বলেন, ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। রান্নার চুলা পানির নিচে থাকায় খাবারের কষ্ট হচ্ছে।

অনেকদিন ধরে পানিবন্দি থাকলেও জনপ্রতিনিধিসহ প্রশাসনের কেউ তাদের কোনো খোঁজখবর নেয়নি বলে অভিযোগ মিরাজের।

আরেক বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে বিপদে আছি। মাঠ তলিয়ে গেছে। কোথাও ঘাস নেই। বাড়তি দামে ঘাস কিনে গরু-ছাগলকে খাওয়াতে হচ্ছে। কেউ আমাদের খবর নিচ্ছে না।”

এদিকে জলাবদ্ধতার কারণে বেড়েছে সাপের উপদ্রব; রাতে আতঙ্কের মধ্যে ঘুমাতে হয় বলে জানান তিনি।

গ্রামটিতে প্রতি বছর নতুন নতুন বাড়িঘর তৈরি করা হলেও পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি বলে অভিযোগ করেন ওই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের।

ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, “পানিবন্দি ওই এলাকা পরিদর্শন করেছি। সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করব।”

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে দ্রুত পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।