চাঁপাইনবাবগঞ্জে আম বাগানে পরিত্যক্ত অবস্থায় মিলল বোমা তৈরির সরঞ্জাম
নাশকতার উদ্দেশে এসব মজুদ করা হয়েছিল বলে দাবি র্যাবের।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে বিপুল ‘গান পাউডার’ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে; নাশকতার উদ্দেশে এসব মজুদ করা হয়েছিল বলে দাবি র্যাবের। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
সোমবার সকালে র্যাব-৫ এর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিপিসি-১ র্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. ফাহাদুজ্জামান আকন্দ।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথুনিপাড়া বেড়িবাঁধ সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালানো হয়।
অভিযানে আম বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় চারটি পলিথিন ব্যাগে রাখা নয় কেজি ১৫০ গ্রাম গান পাউডার সাদৃশ্য গুঁড়া পদার্থ পাওয়া যায়। এর মধ্যে কালো, সাদা ও ধূসর রঙের বিভিন্ন ধরনের পদার্থ ছিল।
এ ছাড়া একটি ব্যাগ থেকে এক কেজি ২০০ গ্রাম কাচের টুকরা ও ৪০০ গ্রাম লোহার পেরেক পাওয়া যায়। আরেকটি পলিথিনে পাওয়া যায় ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল রঙের কসটেপ ও ১৫টি গ্যাস লাইটার। তবে ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা সামগ্রী শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
তবে র্যাব কর্মকর্তারা বলছেন, দুষ্কৃতিকারীরা নাশকতা সৃষ্টির উদ্দেশে এসব বিস্ফোরক তৈরির উপকরণ সেখানে মজুদ করে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।
