২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামিন নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় আসামি ও স্বজনের মৃত্যু

রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 09:13 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

বরিশালে আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আসামি ও তার স্বজন এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার বিকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামের বাসিন্দা মো. হাসান হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম শফিক (৪৫) এবং তার স্বজন একই এলাকার মজিবর ফরাজীর স্ত্রী মোসা. রিজিয়া বেগম।

শফিকের আইনজীবী আব্দুর রহমান চোকদার বলেন, শফিক একটি মামলার আসামি হিসেবে রোববার গৌরনদী মডেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাকে সোমবার বরিশাল আদালতে আনার পর বিচারক জামিন দেন। জামিন পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে তিনি নিহত হয়েছেন।

পুলিশ জানায়, একটি অটোরিকশায় করে চার যাত্রী বরিশাল থেকে গৌরনদী যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে বরিশালগামী নাভানা ফার্মাসিউটিক্যালসের একটি মিনি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

অটোরিকশার চালকসহ তিনজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। 

ওসি শামীম শেখ বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।