২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২৬ সহকারী প্রক্টর-হল প্রাধ্যক্ষ নিয়োগ

নিয়োগ পাওয়া সবাই দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে অফিস আদেশে বলা হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 11:45 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর ও ছয় হলে সহকারী প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো  আলাদা অফিস আদেশে এসব নিয়োগের বিষয়ে জানানো হয়।

আদেশে একযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে পাঁচজন সহকারী প্রক্টর এবং ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে মোট ২১ জন সহকারী প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

নতুন সহকারী প্রক্টর হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার, সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক  মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফ হোসাইন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. শাদমীম হাসান সিফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ছেলেদের তিনটি আবাসিক হলের মধ্যে শাহপরাণ হলের সহকারী প্রাধ্যক্ষ পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাদাত হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল নোমান দায়িত্ব পেয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক একেএম ফখরুল হোসেন এবং প্রভাষক মো. মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া সৈয়দ মুজতবা আলী হলের ওই পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান, সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ বশিরুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনযুর উল হায়দার ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলমকে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, মেয়েদের প্রথম ছাত্রী হলের একই পদে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা খাতুন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সোবহানাকা তানজিমা আতিক ও সহকারী অধ্যাপক সায়মা সাদিয়া শাওন দায়িত্ব পেয়েছেন।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সহকারী প্রাধ্যক্ষ হয়েছেন সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক তাজমুন্নাহার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শিমলা আক্তার ও প্রভাষক আজমিরি সুলতানা।

এছাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হুসনে আরা চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাকুফা চৌধুরী, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জুবেলী বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রশাসনিক ২৬ জনকে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়ার কথা অফিস আদেশে বলা হয়েছে।

নিয়োগ পাওয়া সবাই দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

নিয়োগের বিষয়টি তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।