বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি হল ও লাইব্রেরির নাম পাল্টে দিলেন শিক্ষার্থীরা
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধু হলের পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল’ করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার সকালে নতুন নাম সম্বলিত ব্যানার টানিয়ে দেওয়ার পর দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
স্মারকলিপিতে সাত কার্যদিবসের মধ্যে নাম পরিবর্তন করার আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম সাহেদ।
তিনি বলেন, ছাত্র আন্দোলনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’, আবাসিক বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। কিন্তু এখনও তা করা হয়নি। তাই শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টানিয়ে দিয়েছে।
ব্যানারে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধু হলের পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল’ লেখা হয়েছে বলে জানান শহীদুল ইসলাম।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছে। এ ছাড়া বেলা ৩টার দিকে উপাচার্য ও তার কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলে হয়েছে, “ফ্যাসিস্ট হাসিনার পতনের ছয় মাস অতিক্রম হয়েছে। অথচ এখনো ফ্যাসিস্টদের নামে বিভিন্ন ভবনে আওয়ামী লীগের দোসরদের নাম রয়েছে। বিপ্লবী ছাত্ররা পূর্বেই আওয়ামী দোসরদের নামগুলো ভেঙে ফেলেছিল। কিন্তু অফিসিয়ালভাবে তা পরিবর্তন করা হয়নি।
“মঙ্গলবার শিক্ষার্থীরা দুটি হল ও কেন্দ্রীয় লাইব্রেরির নামফলকের ব্যানার টানিয়ে দিয়েছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধুর পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল’ দিয়েছে তারা।
“পাশাপাশি বঙ্গমাতা হলের নাম জুলাই বিপ্লবের ১১ জন নারী শহীদের মধ্যে থেকে (শহীদ নাফিসা হল বা শহীদ রিয়া গোপ হল) নির্ধারণ করার আবেদন করা হয়েছে।”
আগামী সাত দিনের মধ্যে নামগুলো সিন্ডিকেটের মাধ্যমে অফিসিয়ালি বাস্তবায়নের দাবি করা হয়েছে স্মারকলিপিতে।
নাম পরিবর্তনের প্রক্রিয়া প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, সিন্ডিকেট সভার মাধ্যমে নাম পরিবর্তন করতে হয়। সিন্ডিকেট সভার সভাপতি উপাচার্য যদি নাম পরিবর্তনের বিষয়টি এজেন্ডাভুক্ত করেন, তাহলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
জরুরি কোনো বিষয় হলে উপাচার্য সিন্ডিকেট সভা ডেকে বিষয়টি সমাধান করতে পারেন বলে জানান অধ্যাপক গোলাম রাব্বানী।
