রাঙামাটিতে তিন ইটভাটা বন্ধের নির্দেশ, দেড় লাখ টাকা জরিমানা
ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে ফেলা হয়।
রাঙামাটি কাউখালী উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিনব্যাপী এই অভিযান চালানো হয় বলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান জানান।
ইউএনও বলেন, “কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
“সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে এবং এস্কেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।”
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
