নেত্রকোণায় সাবেক এমপি বেলালসহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
পূর্বধলা থানার ওসি বলেন, মামলায় বেলায়েত হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোণার পূর্বধলায় বিএনপি নেতাকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালসহ আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন বলে ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান।
এতে বেলাল ছাড়াও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সাবেক সংসদ সদস্যের দুই ব্যক্তিগত সহকারী ফেরদৌস ও উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান কমল সরকারসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় বেলায়েত হোসেন খান (৭০) নামে এজহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে নিজ বাড়ির সামনে ২০১৮ সালের ২২ ডিসেম্বর পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরশাদ আলী ওই ইউনিয়নের নরনায়নপুর গ্রামে।
এ ঘটনার প্রায় ৬ বছর পর শনিবার রাতে এরশাদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে এ মামলা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, “এ মামলায় বেলায়েত হোসেন নামের এক ব্যক্তিকে রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
