ভোলায় এক লঞ্চে আরেক ‘লঞ্চের কর্মীদের’ হামলা, আহত ৫
“ফারহান-৪ লঞ্চের বেঁধে দেওয়া নির্ধারিত সময় শেষ হলেও তাদের কর্মীরা তাসরিফ-১ লঞ্চকে ঘাট করতে না দিয়ে জোর করে তাদের লঞ্চে মাছের ঝুড়ি ওঠান।”
ভোলায় একটি লঞ্চে হামলা চালিয়ে পাঁচ কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে আরেকটি লঞ্চের কর্মীদের বিরুদ্ধে।
ভোলার মনপুরা লঞ্চ ঘাটে বৃহস্পতিবার দুপুরের দিকে তাসরিফ-১ লঞ্চে এ হামলার ঘটনা ঘটে।
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, তারা ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।
আহতরা হলেন-তাসরিফ-১ লঞ্চের কর্মী রাজিব, হেলাল, সোহাগ, শাহিন, জাকির।
তাদের মধ্যে গুরুতর আহত রাজিবকে বৃহস্পতিবার রাতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রাজিব বলেন, “হাতিয়া থেকে ঢাকাগামী তাসরিফ-১ লঞ্চটি বৃহস্পতিবার বেলা ১টার দিকে ছেড়ে মনপুরা লঞ্চঘাটে ভিড়াতে গেলে ফারহান-৪ লঞ্চের স্টাফরা বাঁধা দেয়।
“ওই সময় ফারহান-৪ লঞ্চের বেঁধে দেওয়া নির্ধারিত সময় শেষ হলেও তাদের কর্মীরা তাসরিফ-১ লঞ্চকে ঘাট করতে না দিয়ে জোর করে তাদের লঞ্চে মাছের ঝুড়ি ওঠান।”
এক পর্যায়ে ফারহান-৪ লঞ্চের সুপারভাইজার গাজীর নেতৃত্ব তাদের ওপর হামলা করে। এ সময় তাদের পাঁচজন কর্মী গুরুতর আহত হন বলে জানান রাজিব।
হামলার বিষয়ে ফারহান-৪ লঞ্চের সুপারভাইজার গাজীর কাছে জানতে চাওয়া হলে তা অস্বীকার করেন তিনি।
