টাঙ্গাইলে দুই অটোরিকশার সংঘর্ষে শিক্ষক নিহত
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তার স্ত্রী ও সন্তান।
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক সড়কের উপজেলার কাগমারীপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে বলে ভুঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান।
নিহত ৫০ বছর বয়সী শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক এবং উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, শিক্ষক আব্দুল আলীম পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইলের বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভুঞাপুর যাচ্ছিলেন। পথে কাগমারীপাড়া ব্রিজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ বাঁধে।
“এতে আহত হন আলীম, তার স্ত্রী ও সন্তান। তাকে গুরুতর আহত আলীমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তার স্ত্রী ও সন্তান।”
ওসি জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
