২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

ওসি মিজানুর বলেন, মাগরিবের নামাজের পর বিক্ষোভ কর্মসূচি শেষ করার কথা ছিল। কিন্তু এখন তারা ৭টার দিকে মহাসড়ক ছাড়ার কথা বলছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ।

রোববার বিকেল ৩টার দিকে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

অবরোধ করার কারণে ঢাকার সঙ্গে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান। 

মহাসড়কের দুই প্রান্তে আটকা পড়েছে দূরপাল্লার পণ্য ও যাত্রীবাহী বিপুল সংখ্যক যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

বিক্ষোভে ইনকিলাব মঞ্চের বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এ সময় হাদী হত্যার বিচার দাবি করে নানা শ্লোগান দেন তারা। 

ইনকিলাব মঞ্চের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আতিক আব্দুল্লাহ বলেন, হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নথুল্লাবাদ গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। 

এছাড়াও বিক্ষোভে বক্তব্য রেখেছেন শরীফ ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার। 

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, মাগরিবের নামাজের পর বিক্ষোভ কর্মসূচি শেষ করার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টার পরেও তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এখন তারা ৭টার দিকে সড়ক ছাড়ার কথা বলছেন।  

যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।