Published : 15 Jun 2026, 07:26 PM
মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় আহত হয়েছেন ১০ জন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান।
আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) এবং সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম পাওয়া গেছে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে যাওয়া পুলিশের দুটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে কবির মোল্লা ও রিপন খানের বিরোধ রয়েছে। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।
এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১২টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, “পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”