পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আসামিদের বাড়িতে ভাঙচুর-আগুন
স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার উপজেলার আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান এ তথ্য জানান।
মামলার বরাতে পুলিশ জানায়, উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী মঙ্গলবার ভোরে বাড়ির বাইরে হয়। আগে থেকে ওত পেতে থাকা মামুন ও জুয়েল তার মুখ চেপে ধরে অস্ত্রের মুখে পাশের একটি স্থানে নিয়ে যায়।
তাকে ধর্ষণের পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় দুজন।
পরে ছাত্রী ঘটনাটি পরিবারকে জানায়। এ ঘটনায় বুধবার ছাত্রীর মা আতাইকুলা থানায় দুজনের নাম দিয়ে মামলা করেন।
ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার রাতে বিক্ষুব্ধ লোকজন মামুনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুয়েলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
মামুন (৩৪) ও জুয়েল (৩৫) একই গ্রামের বাসিন্দা। তারা দুজনই বিবাহিত। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
ওসি মজিবুর রহমান বলেন, মামলাটি নিয়মিতভাবে রেকর্ড করা হয়েছে। স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
