২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ম্যারাথনে দৌড়ালেন দুই শতাধিক যুবক

সুস্থ ও মাদকমুক্ত যুব সমাজ গঠনের লক্ষে এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 03:24 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

সুস্থ ও মাদকমুক্ত যুব সমাজ গঠনের লক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘যুব ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ২৩০ যুবক অংশগ্রহণ করেন।

‘সুস্থতার জন্য দৌড়াও’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ৭টায় এর উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল পারভেজ।

১০ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার যুবকরা অংশ নেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বলেন, “যুব ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি যুব সমাজের জন্য একটি শক্তিশালী বার্তা। শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ও মনোবল তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আয়োজক কমিটির আহ্বায়ক ও দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক মো. দুলাল হোসেন বলেন, “বর্তমান প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।”

ইউএনও মো. তানজিল পারভেজ বলেন, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ানো খুব জরুরি। ম্যারাথনের মাধ্যমে যুব সমাজ উজ্জীবিত হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”