২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে আটক ২

আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 06:53 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

রাঙ্গামাটির পৃথক দুই কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে নিরাপত্তাবাহিনীর হাতে দুজন আটক হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঘাগড়া বাজার এলাকার ২৪ বছর বয়সী মো. ইয়াছিন ও ১৯ বছর বয়সী শফিউল বাশার।

বৃহস্পতিবার ভোটে ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ইয়াসিনকে আটক হয় বলে কেন্দ্রের দায়িত্বে থাকা কাউখালি থানার এসআই সোহেল মোল্লা জানিয়েছেন।

সোহেল মোল্লা বলেন, “জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ইয়াছিন সেনাবাহিনীর হাতে আটক হয়। সে এখন আমাদের হেফাজতে আছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তাস্তরের প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে কাউখালী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কাজী আতিকুর রহমান বলেন, “আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক যুবক আটকের ঘটনা শুনেছি।”

এর আগে বেলা ১টার পর জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করে প্রিসাইডিং অফিসার।

আটক ১৯ বছর বয়সী শফিউল বাশার ভোট দেওয়ার আগেই ধরা পড়েন। পরে প্রিসাইডিং অফিসার ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে হস্তান্তর করেন।

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান বলেন, “এক ব্যক্তি জাল ভোট দিতে আসলে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেওয়া হয়।”

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কোতোয়ালি থানার এসআই মো. আলী হোছাইন বলেন, “ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তবে তিনি ভোট দিতে পারেনি। প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে পুলিশের মোবাইলে টিমের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে।”