২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহে উপচেপড়া ভিড়, সময় বাড়ল

৫ এপ্রিল থেকে গ্রাহকরা পাম্পগুলো থেকে ‘ফুয়েল কার্ড’ ছাড়া পেট্রোল ও অকটেন কিনতে পারবেন না।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 08:08 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

সিরাজগঞ্জ জেলায় ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। 

এজন্য মঙ্গলবার সকাল থেকে ‘ফুয়েল কার্ড’ প্রত্যাশীদের জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে ভিড় করতে দেখা গেছে। 

শুরুতে ৩০-৩১ মার্চ পর্যন্ত কার্ড ইস্যুর সময় নির্ধারিত থাকলেও চাহিদা বিবেচনায় তা ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় ৫ এপ্রিল থেকে গ্রাহকরা পাম্পগুলো থেকে ‘ফুয়েল কার্ড’ ছাড়া পেট্রোল ও অকটেন কিনতে পারবেন না।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসসাদিক জামান বলেন, ‘ফুয়েল কার্ডের’ মাধ্যমে জ্বালানি সংগ্রহ শুরু হলে তেল পাম্পগুলোতে বিশৃঙ্খলা রোধ করা যাবে। এমনকি কালোবাজারির চেষ্টা যারা করছে, তাদেরও নিয়মের মধ্যে আনা সম্ভব হবে। 

“ফলে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা করছি।” 

জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি প্রকাশের পর সোমবার সকাল থেকে যানবাহন মালিকরা জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, একটি পাসপোর্ট সাইজের ছবি এবং বৈধ কাগজপত্র জমা দিয়ে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ করছেন। এই কার্ড প্রদর্শণ করে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের মালিক বা চালকরা জেলার ২২টি তেল পাম্প থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টার মধ্যে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে পারবেন। 

তবে কৃষি ও পরিবহন খাতে কিছুটা শিথিলতা রাখা হয়েছে। এই খাতে যুক্তরা ২৪ ঘণ্টাই ডিজেল সংগ্রহ করতে পারবেন। 

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। সবাই প্রয়োজনীয় জ্বালানি পাবেন। ‘ফুয়েল কার্ড’ জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয় থেকে ইস্যু করা হচ্ছে। ঘোষিত সময় ৪ এপ্রিলের পরও যদি কেউ ‘ফুয়েল কার্ড’ ইস্যু করতে চান সেই সুযোগ রয়েছে। 

তবে ৫ এপ্রিলের পর থেকে ‘ফুয়েল কার্ড’ ছাড়া কাউকে পেট্রোল ও অকটেন দেওয়া হবে না। ৩০ ও ৩১ মার্চ এই দুইদিন জেলায় প্রায় তিন হাজার কার্ড ইস্যু হয়েছে বলেও জানান তিনি।