২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

পূর্ব শত্রুতার জেরে দুই দিন আগে ওই যুবককে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

নরসিংদীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ
নিহত আশিক ভূঁইয়া।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 04:22 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত এক যুবক মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন।

নিহত আশিক ভূঁইয়া (২৫) ওই গ্রামের মনির ভূঁইয়ার ছেলে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে আশিকের সঙ্গে প্রতিবেশী ইউনূস মিয়ার ছেলে সাগর ও তার ছোট ভাই সোহাগ মিয়ার বাগবিতণ্ডা হয়। পরে সোহাগ ও সাগর দলবল নিয়ে আশিকের ওপর হামলা চালায়।

এ সময় আশিকে ছুরিকাঘাতে করা হয়। বাধা দিতে গিয়ে আহত হন একই এলাকার রুহুল আমিন ও ইলিয়াছ। 

পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক আশিকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।

এদিন সকালে আশিকের মৃত্যুর খবর এলাকায় ছড়ালে উত্তেজিত গ্রামবাসী সোহাগ ও সাগর মিয়ার বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি শাহেদ আল-মামুন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কাজ করছে পুলিশ।