কুমিল্লা ও হবিগঞ্জে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
পুলিশ জানিয়েছে, মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে এবং বরুড়া পৌরসভার সাহারপদুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের মাধবপুর এবং কুমিল্লার বরুড়া উপজেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার মাধবপুর উপজেলার বরুড়া গ্রামে এবং বরুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাহারপদুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- হবিগঞ্জের বরুড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে তামান্না আক্তার (৮) ও এনাম মিয়ার ছেলে একরাম মিয়া (৭) এবং কুমিল্লার সাহারপদুয়া গ্রামের বিপ্লব পোদ্দারের মেয়ে নিধি পোদ্দার (৯) ও রিপন পোদ্দারের মেয়ে বন্নি পোদ্দার (৯)।
মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্লাহ বলেন, দুপুরে তামান্না ও একরাম সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর দুজনের মরদেহ পুকুরে ভাসতে দেখে লোকজন উদ্ধার করে এবং পরে পুলিশকে খবর দেয়।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে ওসি জানান।
অপরদিকে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, বাড়ির পাশের স্কুলে তারা পড়াশোনা করে। স্কুলের বিরতির সময় তারা বাড়িতে খাবার খেতে ও গোসল করতে আসে।
প্রতিদিন তারা মোটরের পানিতে গোসল করত। কিন্তু বিদ্যুৎ না থাকায় দুপুরে পুকুরের পানিতে গোসল করতে যায়। কিন্তু দীর্ঘক্ষণ না আসায় স্বজনরা তাদের পুকুরে দেখতে যায়।
এ সময় তাদের ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের সবাই এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইউএনও বলেন, “এটি দুঃখজনক। দুই পরিবারকে সৎকারের জন্য ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।”
