২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে নদীতে গোসল নেমে ২ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

তিন বন্ধু মিলে নদীতে মাছ ধরার এক পর্যায়ে দুইজন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

টাঙ্গাইল সদর উপজেলায় লৌহজং নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অপর শিশুকে উদ্ধারে নদীতে তল্লাশি চলছে।

বুধবার দুপুরে উপজেলার পশ্চিম আকুর টাকুর পাড়া স্টেডিয়াম ব্রিজের নিচে নদীতে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান।

নিহত মেহেদী হাসান (৮) পশ্চিম আকুর টাকুর পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুরের ছেলে। নিখোঁজ রয়েছে একই এলাকার আব্দুল করিমের ছেলে আদিব (১০)।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে তিন বন্ধু মিলে নদীতে মাছ ধরার এক পর্যায়ে মেহেদী ও আবিদ গোসল করতে নামে। এ সময় দুইজন পানিতে তলিয়ে গেলে আরেক শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে তল্লাশির দুই ঘণ্টা পর মেহেদীর লাশ উদ্ধার করেন। আরেক শিশুকে উদ্ধারে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, “আমাদের ডুবুরি দল এক শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান চলছে।”