Published : 05 Aug 2025, 08:41 PM
পদ্মা নদীর তীব্র স্রোতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এ ছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছেন আরও একটি জেটি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ লঞ্চ ঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান জানান বিআইডব্লিউটিএ এর আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ।
তিনি বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এই সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী বলেন, “নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির খুঁটির নিচের মাটি সরে গেছে। এতে দুটি জেটির মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। অপর জেটির অবস্থাও নাজুক। এখনই ব্যবস্থা না নিলে সেটিও যেকোনো সময় ভেঙে পড়তে পারে।”
তিনি বলেন, “বর্ষা মৌসুম হওয়ায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।”
এ নৌপথ দিয়ে প্রতিদিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়ে থাকে। জেটি ধসে পড়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে।