২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে হাতির আক্রমণে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু, মাহুত আটক

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 06:29 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

কিশোরগঞ্জে হাতির আক্রমণে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে; আটক হয়েছেন মাহুত। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয় বলে নিহতের স্ত্রী মনি বেগম জানান। 

নিহত মাসুদুর রহমান (৪৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। কিশোরগঞ্জে তার ওষুধের ফার্মেসি আছে। এ ছাড়া তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে মাসুদুর রহমানের দোকানের সামনে হাতি দিয়ে পথচারী ও দোকানপাট থেকে চাঁদা তুলছিলেন মাহুত রিয়াজুল মোল্লা। 

এ সময় কয়েকজন পথচারীর উস্কানিতে হাতিটি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন মাসুদুর রহমানকে সামনে পেয়ে শুড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে সজোরে আছাড় দেয় হাতিটি। 

এতে মাসুদুর গুরুতর আহত হলে তাকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নিহত মাসুদুর রহমানের স্ত্রী মনি বেগম। 

এদিকে, ঘটনার পরই হাতি ও মাহুত রিয়াজুল মোল্লাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। রিয়াজুলের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি গোলাম মোস্তফা।