জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ
তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন, ব্যবসায়শিক্ষা অনুষদের ডিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
ইউনিটগুলো হচ্ছে- ‘ডি’, ‘ই’ ও আইবিএ-জেইউ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ ফলাফল প্রকাশ করে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।
এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক আইরিন আক্তার ছিলেন।
তারা ‘ডি’, ‘ই’ ও আইবিএ-জেইউর ফলাফল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন।
এবছর ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৯ হাজার ৯৬৮ জন। পাস করেছেন ১৭ হাজার ৬৬৪ জন।
অর্থাৎ গড়ে ৪৪ দশমিক ২২ শতাংশ ছাত্রী পাস করেছেন।
একই ইউনিটে ছেলেদের মোট আবেদন জমা পড়ে ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশ নেন ৩৩ হাজার ৬৪৯ জন। পাশ করেছেন ১৪ হাজার ৪ জন। গড় পাশের হার ৪১ দশমিক ৭০ শতাংশ।
আইবিএ-জেইউ ইউনিটে ছাত্র-ছাত্রীদের আলাদা করে মোট দুটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ছাত্রদের শিফটে পাশের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩ দশমিক ৬৬ শতাংশ।
ছাত্রদের মোট আবেদন সংখ্যা ২ হাজার ৮৩৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১২২ জন।
ছাত্রীদের মোট আবেদন সংখ্যা ১ হাজার ৮৫৪টি। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ২৮৫ জন।
এছাড়া একই সময়ে ‘ই’ ইউনিটের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন, ব্যবসায়শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।
উপাচার্য কামরুল আহসান বলেন, “ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক, আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্রুত ৩ দিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
