পাবনায় বিএনপি কার্যালয়ে হাতবোমা বিস্ফোরণ-ভাঙচুর
হামলাকারীরা কার্যালয়ের জানালা, চেয়ার, পোস্টার ব্যানারসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেছে।
পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হাতবোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর থানার ওসি মো. সাকিউল আজম।
পুলিশ ও এলাকাবাসী জানান, মধ্যরাতে একটি অটোরিকশায় করে কয়েকজন যুবক এসে বিএনপি উপজেলা কার্যালয়ের সামনে থামেন। এ সময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরে কার্যালয়ের সাইনবোর্ড, দরজা ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে দ্রুত চলে যান।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
হাতবোমা বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা চলছে। হঠাৎ এমন হামলার ঘটনায় মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়েছে।
তবে বিএনপি নেতারা বলছেন, হামলাকারীরা কার্যালয়ের জানালা, চেয়ার, পোস্টার ব্যানারসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেছে।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম (বকুল) বলেন, “সম্প্রতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ের পর বিএনপি নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করতে আওয়ামী লীগের লোকজন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দলীয় কার্যালয়ে এ হামলা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।”
ওসি সাকিউল আজম বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
