Published : 24 Feb 2026, 07:26 PM
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের পরিবহনে গলফ কার্ট চালু করা হয়েছে।
কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাদের কল্যাণ তহবিল থেকে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে চারটি আধুনিক গলফ কার্ট (ছোট বৈদ্যুতিক যান) এনেছে।
কারাগারের ফটক (আরপি গেইট) থেকে সাক্ষাৎ কক্ষের দূরন্ত প্রায় ১ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে নানাবিধ ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। বিশেষ করে নারী, শিশু, অসুস্থ ও বয়স্কদের জন্য ভোগান্তি ছিল বেশি। অনেকেই রিকশার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেন। আবার অনেক সময় কোনো যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটেই যেতে হত।
গলফ কার্ট সেই চিত্র অনেকটাই বদলে দিয়েছে। এখন দর্শনার্থীরা সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত সাক্ষাৎ স্থানে পৌঁছাতে পারছেন। ফলে সময় যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি কমেছে ভোগান্তিও।বন্দির স্বজনরা বলেন, কাশিমপুরে আলাদা আলাদা চারটি কারাগার রয়েছে। প্রতিদিন শত শত মানুষ আসেন বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে। হেঁটে চলাচল করা কষ্টকর। তাছাড়া রিকশাভাড়াও ছিল বেশি। গলফ কার্ট চালু করায় ভোগান্তি কমে গেছে৷ এখন মূল গেইট থেকে স্বজনদের নিয়ে সাক্ষাৎ কক্ষে নামিয়ে দেওয়া হচ্ছে। এই উদ্যোগটি সবার পছন্দ হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ জেল সুপার আল মামুন বলেন, “স্বজনদের কষ্ট লাঘব করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মোট চারটি গলফ কার্ট কেনা হয়েছে। ভবিষ্যতেও আমরা আরও জনবান্ধব উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।”