যশোরে যুবদল নেতা হাত বোমা ও অস্ত্রসহ আটক
তার কাছ থেকে সাতটি হাত বোমা, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাঁসয়া উদ্ধার করা হয়।
যশোরে এক যুবদল নেতাকে হাত বোমা ও ধারালো অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।
যশোর কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত সড়কের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ আল রানা যশোর নগর যুবদলের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এ ঘটনাকে তিনি ষড়যন্ত্র বলেও দাবি করেন।
মাসুদ আল রানা ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
এসআই আনিছুর রহমান বলেন, “গোপন খবর পেয়ে যুবদল নেতা মাসুদ আল রানার বাড়িতে অভিযান চালানো হয়।
“এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেখিয়ে দেওয়া বাড়ির রান্না ঘরের পেছন থেকে সাতটি হাত বোমা তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি ছোরা ও দুটি হাঁসয়া উদ্ধার করা হয়। পরে রানাকে আটক করে পুলিশ।”
এই অস্ত্রগুলো রানার কি-না তা পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “ষড়যন্ত্রের শিকার হয়েছেন মাসুদ আল রানা। পুলিশ যথাযথ তদন্ত করলে এটা পরিষ্কার হবে।”
