৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়ার পরদিনই চালু অবৈধ ইটভাটা

প্রশাসনের অভিযানটি ছিল ‘দায়সারা’ ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 06:42 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও অবকাঠামোর অংশ ভেঙে দেওয়ার পরদিনই আবারও সেটি চালু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানা ও অবকাঠামো ভেঙে দেওয়ার পর বুধবার থেকেই কাজ শুরু হওয়ায় প্রশাসনের উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকার ‘মেসার্স ওয়ারেছ ব্রিকস’ নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।

বায়ুদূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় ভাটাটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্কেভেটর দিয়ে কিছু অবকাঠামো ভেঙে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের অন্যা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আলামিন মিয়া, জলিল ও সাহেব আলীসহ অনেকেই অভিযোগ করে বলেন, প্রশাসনের অভিযানটি ছিল ‘দায়সারা’। পুরো অবকাঠামো না ভেঙে নামমাত্র অংশ ভাঙা হয়েছে।

অভিযানের বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তারের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। 

‘ওয়ারেছ ব্রিকসের’ স্বত্বাধিকারী মো. আবু ওয়ারেছ ভাটাটি পুনরায় চালুর বিষয়টি স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “ওই ইটভাটার মালিক আদালতের একটি অনুমতিপত্র আমাকে দেখিয়েছেন।

“তবে আমরা এখনো সেই অনুমতিপত্রের কপি হাতে পাইনি বা যাচাই করে দেখা হয়নি। এসব দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চিলমারী উপজেলায় মোট পাঁচটি ইটভাটা রয়েছে। এর মধ্যে সাফফাত ব্রিকস এর পরিবেশগত ছাড়পত্র পেয়েছে। হাসান ব্রিকস অনুমোদন না থাকায় বন্ধ রয়েছে।

অন্যদিকে মেসার্স এনএস ব্রিকস, মেসার্স ওয়ারেছ ব্রিকস ও এসটি ব্রিকস অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে তারা।