২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে যাবার সময় প্রাণ গেল দুজনের

আলেক শরীফ ও তার স্ত্রী ফরিদপুর থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে বরিশালের বাকেরগঞ্জে যাচ্ছিলেন।

বরিশালে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে যাবার সময় প্রাণ গেল দুজনের
দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে হাইড্রোলিক ইকুইপমেন্টের মাধ্যমে কেটে উদ্ধার করা হয় আটকে পড়া আহত নারী যাত্রীকে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2024, 02:22 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে যাওয়ার সময় বরিশালে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। আহত হয়েছেন পিকআপের যাত্রী এক নারী। 

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন। 

নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরাজ গ্রামের মৃত খালেক শরীফের ছেলে আলেক শরীফ (৪৫) এবং পিকআপ চালক মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপোড়া এলাকার আবু তালেবের ছেলে মো. মাহিন (২০)। 

দুর্ঘটনায় আহত আলেকের স্ত্রী আসমা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান বলেন, আলেক শরীফ ও তার স্ত্রী ফরিদপুর থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে বরিশালের বাকেরগঞ্জে যাচ্ছিলেন। পথে গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে বরিশাল থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আলেক ও পিকআপ চালক । আহত হন এক আলেক শরীফের স্ত্রী। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, “খবর পেয়ে পিকআপের ভেতর থেকে চালকসহ নিহত দুই জনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

“এছাড়া হাইড্রোলিক ইকুইপমেন্টের মাধ্যমে কেটে পিকআপে আটকে পড়া নারী যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।” 

দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্টেশন অফিসার। 

এসআই কামরুজ্জামান বলেন, উভয় যানবাহন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।